অনলাইনে করোনা টেস্টের নিবন্ধন শুরু করলো আইসিডিডিআরবি

২৪ জুন, ২০২০ ১২:৪০  
আগামী ২৬ জুন থেকে করোনা পরীক্ষা শুরু করছে আইসিডিডিআর, বি। এজন্য আজ বুধবার থেকেই অনলাইনে নিবন্ধন শুরু করেছে। জানিয়েছে, নমুনা দেওয়ার ২৪-৪৮ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফল দিয়ে দেবে বাংলাদেশের এই আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র। আর প্রাথমিক পর্যায়ে পরীক্ষার জন্য আগাম নিবন্ধন করতে হবে অনলাইনে http://covid19test.icddrb.org ঠিকানা থেকে। এই ওয়েব অ্যাপ্লিকেশনটি সন্ধ্যা ৬টার সময় খুলে দেওয়া হবে। সরকার নির্ধারিত সাড়ে তিন হাজার টাকা দিয়ে এই টেস্ট করানো যাবে। টাকা ডেবিট বা ক্রেডিট কার্ড অথবা অনলাইন ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দেওয়া যাবে। টেস্টের জন্য গলা এবং নাকের গভীর থেকে থেকে শ্লেষ্মা সংগ্রহ করা হবে। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে। আর ২৪-৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আইসিডিডিআর,বি মার্চ থেকে বিনামূল্যে স্বাস্থ্য অধিদফতর থেকে দেওয়া নমুনা পরীক্ষা করে আসছে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি ২৭ হাজারের বেশি নমুনা পরীক্ষা করেছে।