প্রথমবার ইউক্রেনকে ন্যানো ড্রোন দিচ্ছে যুক্তরাষ্ট্র
প্রথমবার মার্কিন ব্ল্যাক হর্নেট নজরদারি ড্রোন পেতে যাচ্ছে রাশিয়ার সঙ্গে যুদ্ধে রত ইউক্রেন। এই ড্রোনটি তৈরি করেছে টেলিডাইন এফএলআইআর ডিফেন্স। যেটি টেলিডাইন টেকনোলজির একটি অংশ। হর্নেট ন্যানো ড্রোন যা দিয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হয়।
নতুন সহায়তা প্যাকেজে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের জন্য আরও ৪০ কোটি ডলারের অস্ত্র সহায়তার অংশ হিসেবে এই ড্রোন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটি ঘোষণা দিয়েছে, এই সহযোগিতার আওতায় আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, সাঁজোয়া যান ও ছোট ড্রোন পাঠানো হবে।
আলজাজিরার খবরে বলা হয়েছে, ব্ল্যাক হর্নেট ন্যানো ড্রোনটি নরওয়ের প্রক্স ডাইনামিক্স এএস দিয়ে তৈরি। এটি একটি মনুষ্যবিহীন মাইক্রো সামরিক আকাশযান। এর দৈর্ঘ্য ১০ সেন্টিমিটার। যা ঘণ্টায় ১৮ কিলোমিটার গতিতে ২ কিলোমিটার পর্যন্ত উড়তে পারে। এটি বর্তমানে নরওয়ে, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির সশস্ত্র বাহিনী ব্যবহার করছে।
সংস্থাটি বলেছে, নরওয়েজিয়ান-নির্মিত ড্রোনটি ব্রিটিশ এবং নরওয়েজিয়ান সরকারের অনুদানে ইতোমধ্যে ইউক্রেন ব্যবহার করছে।







