নতুন বছরে যাত্রা শুরু করছে ‘বাহন’

২৮ নভেম্বর, ২০১৯ ২১:৫৮  
বছরের প্রথম দিন থেকেই সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে ষষ্ঠ ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন্স ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) কোম্পানি বাহন। সেই লক্ষ্যেই কোম্পানিটি বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি-তে লাইসেন্সের প্রতিশ্রুত টাকা জমা দিয়েছে। জানাগেছে, ভেনাস টেলিকম লিমিটেডের হুমায়ুন কবির বিটিআরসি সংশ্লিষ্ট বিভাগে এই চেকটি জমা দেন। সূত্রমতে, আইজিডব্লিউ কোম্পানি ভেনাস টেলিকম লিমিটেড থেকে স্বতন্ত্র হয়ে ‘বাহন লিমিটেড’ গঠন করেছেন সৈয়দ সামিউল হক। তার নেতৃত্বেই দেশজুড়ে ইন্টারনেট নেটওয়ার্ক ছড়িয়ে দিতে বিদ্যমান ব্যবসায় প্রতিবন্ধকতা ঘুচতে চমক দেখাতে ইতিমধ্যেই পরিকল্পনা গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। তবে ব্যবসায় নীতি অনুযায়ী তা প্রকাশ করতে রাজি হননি সংশ্লিষ্টরা। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সংগঠন আইএসপিএবি’র দীর্ঘ দিনের দাবির প্ররিপ্রেক্ষিতে বুধবার (২১ নভেম্বর) নতুন এই এনটিটিএন’র অনুমোদন দেয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এর আগে বুধবার (২০ নভেম্বর) বাহন লিমিটেডের লাইসেন্সের জন্য মন্ত্রণালয়ে সুপারিশ করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এতোদিন ফাইবার অ্যাট হোম এবং সামিট কমিউনিকেশন্স লিমিডেট একক ভাবে বেসরকারি ভাবে বাণিজ্যিক ভাবে দেশেজুড়ে ইন্টারনেট পরিবহনের নেটওয়ার্ক দিয়ে যাচ্ছিল। পাশপাশি বাংলাদেশ টেলিকমিউনেকেশন্স কোম্পানি লিমিডেট (বিটিসিএল), রেলওয়ে এবং পিজিসিবি সরকারি পর্যায়ে এই নেটওয়ার্ক বিস্তৃতির জন্য লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান। ২০১৪ সালে এনটিটিএন লাইসেন্সের জন্য আবেদন করে বাহন।