চার বছরের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর সরকার
- সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর সরকার
- শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে
- তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) জীববিজ্ঞান অনুষদের ডিন এবং ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর সরকার। আগামী চার বছরের জন্য তাকে এই পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
২৭ জুলাই, সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে 'সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০'-এর ১২(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকারকে উপ-উপাচার্য পদে স্থলাভিষিক্ত করা হয়েছে। যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের পূর্বপর্যন্ত (যা আগে ঘটে) তার এই নিয়োগ বলবৎ থাকবে।
নিয়োগের শর্তানুসারে, উপ-উপাচার্য হিসেবে তিনি তার মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাদিসহ অন্যান্য পদসংশ্লিষ্ট সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবেন। দায়িত্ব পালনকালীন তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের আইনানুযায়ী উপাচার্য কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর সরকার দীর্ঘদিন ধরে শিক্ষকতা ও গবেষণার সাথে যুক্ত রয়েছেন। নতুন এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি সুবিপ্রবির প্রশাসনিক ও শিক্ষাগত মান উন্নয়নে ভূমিকা রাখবেন।
//ডিবিটেক/এসএইচএম/ইডিপি//





