৪র্থ শিল্প বিপ্লব তরুণ প্রজন্মের জন্য নতুন পথ উন্মোচন করছে
‘থিংক, হ্যাক, সলভ’ স্লোগানে শুরু হতে যাওয়া ন্যাশনাল হ্যাকাথন অন ফ্রন্টিয়ার টেকনোলজিস সামনে রেখে চট্টগ্রাম বিভাগের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রামের সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন প্রফেসর ড. তৌফিক সাইদ।
প্রধান অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন তার বক্তব্যে বলেন যে মানব সম্পদ যে কোন দেশের জন্য বড় সম্পদ। একে সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশকে খুব শীঘ্রই উন্নত দেশে রূপান্তর করা সম্ভব হবে। দেশের উন্নয়নে তরুণ সমাজের মেধা ও শক্তিকে কাজে লাগাতে হবে। তাই তরুণদের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে আসার জন্য তিনি অনুরোধ করেন।
বিশেষ অতিথি হিসেবে iDEA প্রকল্পের পরিচালক সৈয়দ মজিবুল হক বলেন, চতুর্থ শিল্প বিপ্লব আমাদের তরুণ প্রজন্মের জন্য নতুন পথ উন্মোচন করছে। ইতোমধ্যে নতুন প্রযুক্তি উদ্ভাবন ও ব্যবহারের অত্যন্ত দক্ষতার পরিচয় দিচ্ছে আমাদের তরুনরা। এখন প্রয়োজন আমাদের সঠিক পরিকল্পনা গ্রহণ এবং স্টার্টআপ সংস্কৃতি গড়ে তোলা। ফলে খুব দ্রুতই একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠন করা সম্ভব হবে। এছাড়া আগ্রহী তরুনদের এই হ্যাকাথনে অংশ নেওয়ার মধ্য দিয়ে দেশের যে ১০টি জনগুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করা হয়েছে তা সমাধানে তিনি সকলকে অংশ নিতে অনুপ্রানিত করেন।
প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রামের সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন প্রফেসর ড. তৌফিক সাইদের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইনে অতিথিদের বক্তব্য শেষে হ্যাকাথন সম্পর্কিত একটি প্রেজেন্টেশন দেন প্রকল্পের সিনিয়র কনসালটেন্ট আর. এইচ. এম. আলাওল কবির। পরে উপস্থিত তরুণরা হ্যাকাথনের প্রশ্নোত্তর পর্বে অংশ নেয় ।