১ সেপ্টেম্বর আসছে বিশ্বের প্রথম পর্দার নিচের সেলফি ক্যামেরা ফোন

১৮ আগষ্ট, ২০২০ ১৪:৩৩  
কয়েক বছর ধরেই স্মার্টফোনের বেজেল কমিয়ে পর্দা বাড়ানোর প্রতিযোগিতায় নেমেছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। প্রতিযোগিতার অংশ হিসেবে দেখা গেছে নচ পর্দা, হোল পাঞ্চ পর্দা এবং পপ-আপ ক্যামেরা প্রযুক্তি। এবারে এই প্রতিযোগিতায় যুক্ত হয়েছে পর্দার আড়ালে লুকানো ক্যামেরা প্রযুক্তি। পর্দার নিচে বসানো এমন সেলফি ক্যামেরা যুক্ত স্মার্টফোন দেখিয়েছে চীনা প্রতিষ্ঠান জেডটিই। নতুন এই ফোনটির ৬.৯২ ইঞ্চি ওলেড পর্দার নিচে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার পাশাপাশি পেছনে থাকছে চারটি ক্যামেরা লেন্স। প্রযুক্তি সাইট সিনেট জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর পর্দার নিচে লুকানো সেলফি ক্যামেরা যুক্ত নতুন অ্যাক্সন ২০ ৫জি ফোন উন্মোচনের কথা জানিয়েছে জেডটিই। আর এটা উন্মোচিত হলে “এটিই হবে বিশ্বের প্রথম বড় পরিসরে উৎপাদিত পর্দার নিচে সেলফি ক্যামেরার ৫জি স্মার্টফোন।” এর আগে গত বছর এ ধরনের ফোনের প্রোটোটাইপ দেখিয়েছে শাওমি এবং অপ্পো। আর চলতি বছরের শুরুতে প্রোটোটাইপ দেখিয়েছে ভিভো।