সবখানে কম দামে ব্রডব্যান্ড ইন্টারনেটের প্রতিশ্রুতি পলকের
দেশের যত দুর্গম এলাকাই হোক না কেন সেখানে কম দামে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে দেশের প্রথম ক্রস-প্ল্যাটফর্ম অ্যাপ মার্কেটপ্লেস অ্যাপসিটি উদ্বোধনের আগে এএই প্রতিশ্রুতি দেন তিনি।
নির্বাচিত ইলেকট্রনিক মিডিয়া কর্মীদের নিয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে এই উদ্যোগকে স্মার্ট রূপান্তর হিসেবে অভিহিত করেন টেলিকম ও আইইসিটি প্রতিমন্ত্রী। প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনা এখন দুর্নীতিমুক্ত, কাগজবিহীন, আন্তঃসংযুক্ত ও আন্তঃক্রিয়াশীল একটি স্মার্ট সরকার দেখতে চান। সেই সরকার অদৃশ্যমান হয়ে নাগরিক সকল সেবা সব আঙুলের ডগায় নিয়ে আসবে। একইভাবে আইসিটি উপদেষ্টা প্রত্যেক নাগরিকের ব্যক্তি পর্যায়ের সরকারি সেবা তার কাছে পৌঁছে দিতে চান। বর্তমানে দেশে ১৩ কোটিরও বেশি ইন্টারনেট ব্যবহাকারী রয়েছে। নগর, গ্রাম, পাহাড়, দ্বীপ কিংবা যত দুর্গম এলাকাই হোক না কেন আমরা উচ্চগতির নির্ভরযোগ্য বর্ডব্যান্ড ইন্টারনেট সংযোগ পৌঁছে দেবো। স্মার্ট সরকার প্রত্যেক ব্যক্তির জন্য নিজস্ব সরকার হিসেবে নাগরিকের প্রয়োজন মেটাবে।
এসময় সরকারের বর্তমান মেয়াদে নির্ধার্তি তিনটি লক্ষ্যমাত্রা অর্জনের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, আমরা চাই, টেলিকম ও আইসিটিতে আরো বেশি বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে; কীভাবে প্রযুক্তি পণ্য ও সেবা রফতানি বাড়ানো যায় এবং বিদেশী বিনিয়োগ আকর্ষণ করা যায়। এই ক্ষেত্রে টেলিনরের গ্রামীণফোন স্মার্ট বাংলাদেশ গঠনে আরো বিনিয়োগ করবে বলেও প্রত্যাশা করেন পলক।
তিনি বলেন, আমি গ্রামীণফোন চেয়ারম্যানের কাছে অনুরোধ করছি যেন তিনি বাংলাদেশকে তাদের ভবিষ্যত বিনিয়োগ সম্ভাবনাময় দেশ হিসেবে বিবেচনা করেন। একই সঙ্গে জিপি এক্সালেরেটর, জিপি একাডেমি, মাস্টার ক্লাস, স্মার্ট ফিউচার নেশন প্রোগ্রাম, জেলায় জেলায় উদ্যোক্তা তৈরি ও অ্যাপসিটির মতো আরো বেশি বেশি উদ্ভাবনী ও সৃজনশীল সল্যুশনধর্মী উদ্যোগ গ্রহণ করেন।

অনুষ্ঠানে গ্রামীণফোনের চেয়ারম্যান ও টেলিনর এশিয়ার প্রধান পেটার-বরে ফারবার্গ বলেন, ‘অ্যাপসিটি শুধু ডেভেলপারদেরই ক্ষমতায়ন করবেনা, পাশাপাশি সমৃদ্ধ গ্রাহক অভিজ্ঞতার অগ্রগতিতেও ভূমিকা রাখবে।
গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ইয়াসির আজমান বলেন, প্ল্যাটফর্মটি একটি স্মার্ট, অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ, এবং টেকসই ইকোসিস্টেম তৈরি করার জন্য আমাদের দৃষ্টিভঙ্গিকে ধারণ করে। শুধু প্রথাগত টেলিযোগাযোগ সেবা প্রদান নয়, আমাদের উদ্দেশ্য মানুষেকে সংযোগের আওতায় এনে সমাজের ক্ষমতায়ন এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।
অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব, চিফ ডিজিটাল অফিসার সোলায়মান আলম, চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশিদ অপারেটরটির বিভিন্ন সেবা ও উদ্যোগ নিয়ে আলোচনা করেন।
গ্রামীণফোন জানায় তাদের এই অ্যাপ মার্কেটপ্লেস ‘অ্যাপসিটি’ একটি ইউনিফাইড প্ল্যাটফর্ম যা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন এবং সফ্টওয়্যার এজ এ সার্ভিস (SaaS) সলিউশনস নিয়ে আসবে। অ্যাপ স্টোর এবং এপিআই হাব উভয় প্ল্যাটফর্মে কার্যকর এই মার্কেটপ্লেসটি কনটেন্ট সরবরাহকারী এবং অ্যাপ্লিকেশন ডেভেলপার উভয়কে ব্যক্তি ও কর্পোরেট গ্রাহকদের সাথে সংযুক্ত করে। অ্যাপসিটি-এর একটি অনন্য বৈশিষ্ট্য হলো এতে বিল্ট-ইন অ্যান্ড্রয়েড, আইওএস, এবং টেলকো এপিআই সুবিধা রয়েছে, যা বিটুবি ও বিটুসি উভয় প্ল্যাটফর্মে কার্যকর। ব্যবহারকারীদের রেটিংয়ের পাশাপাশি কিউরেটেড এক্সপার্ট রেটিংও চালু করেছে ’অ্যাপসিটি, যা প্রচলিত অ্যাপ মার্কেটপ্লেস থেকে আলাদা। টেলকো বিলিং এবং প্রচলিত অর্থ পরিশোধ প্রক্রিয়ার পাশাপাশি ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনা করে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) সুবিধাও যুক্ত করেছে প্ল্যাটফর্মটি। অন্যান্য অ্যাপ মার্কেটপ্লেসের তুলনায় প্ল্যাটফর্মটিতে রয়েছে বিস্তৃত পেমেন্ট চ্যানেল সুবিধা।







