সমালোচকদের জবাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থাপিত বুথে গিয়ে নভেল করোনাভাইরাসের টিকা নিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মন্ত্রিপরিষদ সদস্যদের মধ্যে প্রথম সদস্য হিসেবে বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটে করোনা টিকা গ্রহণ করেন তিনি।
টিকা নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক কর্মী হিসেবে, সংসদ সদস্য হিসেবে আমি প্রথম টিকা গ্রহণ করে যারা সমালোচনা করছে, তাদের জবাব দিলাম।’
পলক আরো বলেন, ‘টিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চলছে বলে সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদ বিভাগের সদস্য হিসেবে টিকা নিয়েছি।’
এদিকে বুধবার প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর নিবন্ধন শুরুর প্রথম ২৪ ঘণ্টায় ‘সুরক্ষা’ প্ল্যাটফর্মে টিকা গ্রহণে নিবন্ধন করেন মোট এক হাজার ২৫৩ জন। এদের মধ্যে গত রাতেই নাম নিবন্ধন করান প্রতিমন্ত্রী।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. অধ্যাপক কনক কান্তি বড়ুয়া করোনা ভাইরাসের টিকা নেন। সকাল ৯টায় ওই হাসপাতালে তিনি প্রথম টিকা নেন।