ভুঁইফোড় ভেন্ডরের মাধ্যমে আইসিটি খাতের ‘লুটপাট’ তদন্ত দাবি

৯ আগষ্ট, ২০২৪ ১৪:১০  

বিগত ১৫ বছরে ভুঁইফোড় ভেন্ডরের মাধ্যমে আইসিটি খাতে লুটপাট হয়েছে দাবি করে এই অধিদপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক সংস্কার দাবি করেছে আইসিটি অধিদপ্তর অফিসার্স এসোসিয়েশন। আইসিটি জ্ঞানসম্পন্ন তরুণ ও দক্ষ প্রকৌশলীদের উপেক্ষা করে বিগত সরকার চুক্তিভিত্তিক-দুর্নীতিগ্রস্ত দলীয় লোকদের মাধ্যমে এই ধরনের কার্যক্রম হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

সংগঠনের সভাপতি (অ্যাডহক) ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, বিগত সময়ে স্বৈরাচার ও লুটেরা গোষ্ঠীর ছত্রছায়ায় এদেশের জনসাধারণের প্রযুক্তিগত সেবাকে দুর্বিষহ করে তোলা হয়েছিল। আইসিটি অধিদপ্তর অফিসার্স এসোসিয়েশন বিশ্বাস করে, এ দেশের স্বপ্নবাজ তরুণরা সাধারণ মানুষকে সাথে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন ও দুর্নীতিমুক্ত সমাজ তথা আইসিটি স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে সক্ষম হবে। 

অপরদিকে সাধারণ সম্পাদক বলেছেন, আইসিটি অধিদপ্তর অফিসার্স এসোসিয়েশন পরিকল্পিতরূপে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ব্যবসার প্রসার, রেমিটেন্স বৃদ্ধি ও ই-সেবা সহজীকরণে আইসিটি অধিদপ্তর অফিসার্স এসোসিয়েশন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে তারুণ্যদীপ্ত মুক্তমনা সংস্কার আন্দোলন নেতা মো: নাহিদ ইসলামকে সর্বাত্মক সহযোগিতা করবে।

এ বিষয়ে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিটি খাত মানেই শুধু তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ও ফ্রিল্যান্স ভিত্তিক পেশাজীবী নয়; বাংলাদেশের অর্থনীতির প্রতিটি খাতেই আইসিটি অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ ইকোসিস্টেম সহজীকরণ, স্থানীয় বাজার উন্নয়ন এবং দেশে-বিদেশে সম্ভাবনাময় জায়গাগুলোতে গুরুত্ব দিয়ে সুশাসন প্রতিষ্ঠায় আইসিটি খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার এখনই সময়। ঘরে বসে সকল সরকারি সেবা নিশ্চিতকরণে সুনির্দিষ্টভাবে পরিকল্পিতরূপে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগে আইসিটি অধিদপ্তর অফিসার্স এসোসিয়েশন অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাবে।

দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল বীর শহীদ ও আহত সৈনিকদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করে বিজ্ঞপ্তিতে বলা হয়- স্বৈরাচারবিরোধী রক্তক্ষয়ী সংগ্রামে শিশু থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ শহীদ হয়েছেন। বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয় বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতামূলক নতুন বাংলাদেশ গঠনের স্বপ্নকে বাস্তব রূপদানে আইসিটি অধিদপ্তর অফিসার্স এসোসিয়েশন ছাত্র-জনতার দাবি বাস্তবায়নে কাজ করবে।

প্রসঙ্গত, দেশজুড়ে আইসিটি অধিদপ্তরের ৫৫৫টি কার্যালয়ে কর্মরত অর্ধ সহস্রাধিক সদস্য রয়েছে আইসিটি অধিদপ্তর অফিসার্স এসোসিয়েশনের।