বাংলাদেশকে অ্যানিমেশন হাব হিসেবে প্রতিষ্ঠিত করবো : পলক
দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র ‘মুজিব আমার পিতা’ মুক্তি পাচ্ছে ১ অক্টোবর। সারা দেশে স্টার সিনেপ্লেক্সের ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে ১৬টি স্ক্রিনে বাণিজ্যিক ভাবে মুক্তি পাবে অ্যানিমেশন মুভিটি। এর আগে ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে হবে প্রিমিয়ার। এরপরই ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় এটির বিশেষ প্রদর্শনী থাকবে শিশু, শিক্ষার্থী, অভিনেতা-অভিনেত্রী ও চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিসহ বিশিষ্টজনদের জন্য।
রবিবার দুপুরে টেকনিক্যাল প্রদর্শনীতে এসব তথ্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হবে ‘মুজিব আমার পিতা’। ওইদিন বিকলে ৪টায় স্টার সিনেপ্লেক্সে এর উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
অনুষ্ঠানে পলক আরো জানান, বিশ্বে এখন ৩০০ বিলিয়ন ডলারের অ্যানিমেশন চলচ্চিত্রের বাজার রয়েছে সেখানকার একটি উল্লেখযোগ্য অংশ যেন আমাদের দেশের ছেলেরাও আয় করতে পারে আইসিটি বিভাগের সেই লক্ষ্যপূরণে অবদান রাখবে ‘মুজিব আমার পিতা’।
তিনি বলেন, আইসিটি বিভাগের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৪০টি অ্যানিমেশন ল্যাব বানানো হচ্ছে। প্রায় ১৬ হাজার জনকে ট্রেনিং দিচ্ছি।
পলক বলেন, এ চলচ্চিত্রটি নির্মাণ করতে গিয়ে আমরা অনুভব করেছি যে এ ধরনের কাজ আরও করা যায়। কেননা ৪৮ মিনিটের এ সিনেমাটিতে শেখ মুজিবুর রহমানের জীবনের একটি অংশই আমরা ফুটিয়ে তুলতে পেরেছি। তাই এর পর ‘মুজিব ভাই’ নামে নতুন আরও একটি চলচ্চিত্র ও ‘খোকা’ নামে ১০ পর্বের অ্যানিমেটেড ফিল্ম তৈরি করা হবে বলে আশা করছি।
এর মধ্য দিয়েই দেশের ভবিষ্যত তরুণরা আগ্রহী হয়ে উঠবে আশাবাদ ব্যক্ত করে পলক বলেন, আমরা দেশে সম্প্রচারের পাশাপাশি মুজিবা আমার পিতা’র ওয়ার্ল্ড প্রিমিয়ার করবো। তারপরে ওভার দ্য টপ প্লাটফর্ম ও ইন্টারনেট প্লাটফর্মে উন্মুক্ত করে দেয়া হবে।
‘আর এই চলচ্চিত্রটি প্রমাণ করলো বাংলাদেশে ট্যালেন্টের কমতি নেই। ফলে এর মাধ্যমে সারাবিশ্বের কাছে আমরা বাংলাদেশকে একটি অ্যানিমেশন হাব হিসেবে প্রতিষ্ঠিত করবো’- যোগ করেন পলক।
অনুষ্ঠানে জানানো হয়, দুই বছর ধরে নির্মিত এই চলচ্চিত্রটি নির্মাণে ৩০ হাজার ফ্রেম আঁকতে হয়েছে। ব্যয় হয়ে প্রায় দুই কোটি টাকা।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন চলচ্চিত্রটির সমন্বয়ক ও সিআরআই কো-অর্ডিনেটর তন্ময় আহমেদ,পরিচালক সোহেল মোহাম্মাদ রানা এবং স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুয়েল।
অনুষ্ঠানে রুহেল জানান, চলচ্চিত্রটি দেশজুড়ে অর্ধেক মূল্যে প্রদর্শিত হবে।
অন্যান্যের মধ্যে প্রোজক প্রতিষ্ঠান প্রোল্যান্সার স্টুডিওর ব্যবস্খপনা পরিচালক ইব্রাহিম খলিল, ক্যারেকটর ডিজাইনার রাফিউজ্জামান রিদম,আইসিটি বিভাগের মোবাইল ও গেমিং অ্যাপ্লিকেশন প্রকল্প পরিচালক আনোয়ার হোসোন প্রমুখ উপস্থিত ছিলেন।
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অ্যানিমেশন চলচ্চিত্র ‘মুজিব আমার পিতা’নির্মাণ করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। সহযোগিতা করেছে বিএমআইটি সলুশনস লিমিটেড ও প্রোলেন্সর স্টুডিও। ১৬ সেপ্টেম্বর চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এটি নির্মাণে কাজ করেছেন ৪৮ জন অ্যানিমেটর।