নির্ধারিত সময়েই চলমান প্রকল্প শেষ করবে আইসিটি বিভাগ

৩ জুন, ২০২০ ১২:৫২  
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন চলমান প্রকল্পসমূহের কাজ নির্ধারিত সময়ে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সূত্রমতে, বিভাগের অধীনে ২৪টি প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পের মধ্যে ১৫৯৯.৫৫ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে চলমান ফোর টায়ার জাতীয় ডাটা সেন্টার স্থাপন (২য় সংশোধিত) প্রকল্প চলতি মাসেই শেষ হওয়ার কথা। বুধবার (৩ জুন) ২০১৯-২০ অর্থবছরের মে মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর বাস্তবায়ন ভার্চুয়াল পর্যালোচনা সভা শেষে এই প্রত্যাশার কথা জানান তিনি। আইসটি সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে বৈঠকে আইসিটি বিভাগের চলতি অর্থবছরের চলমান প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্প পরিচালকগণ নিজ নিজ প্রকল্পের সর্বশেষ অগ্রগতি সভায় তুলে ধরেন। এসময় প্রকল্পসমূহের কাজ এগিয়ে নিতে প্রকল্প পরিচালকগণকে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।