দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিটিআরসি

১১ আগষ্ট, ২০২৪ ১৮:৫৭  

সংস্কারের প্রথম ধাপেই সাময়িকভাবে বরখাস্ত হলেন বিটিআরসি’র দুই কর্মকর্তা, সংস্থাটির প্রশাসন বিভাগের উপ-পরিচালক ও একান্ত সচিব মো. আমজাদ হোসেন নিপু, ইঞ্চিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের উপ-পরিচালক মাহদী আহমদ। দু’জনেই দুর্নীতি ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত হওয়ায় রবিবার সন্ধ্যায় তাদের বিরুদ্ধে এই শাস্তির নোটিশ জারি করা হয়েছে। কমিশনের চাকরি প্রবিধিমাল ২০২২ বিধি-৪৮ ও ৫৪ ধারা এবং সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮ এর বিধি-৩(খ)(ঘ),(ই) ও বিধি ১২ এর অনুকূলে সংস্থার পরিচালক (প্রশাসন) আফতাব মোঃ রাশেদুল ওয়াদুদ স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

এদের মধ্যে চেয়াম্যানের একান্ত সচিব কা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সাবেক প্রচার সম্পাদক মোঃ আমজাদ হোসেন নিপু পলাতক রয়েছেন। অপরদিকে বিটিআরসি’র ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স বিভাগে তার সহচর উপ-পরিচালক এবং বিটিসিএল এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমানে ছেলে মাহদী আহমদকে বিটিআরসি’র ৯ম তলায় আটকে রাখেন বিক্ষুব্ধ কর্মীরা।

সূত্রমতে, মাহদী আহমদ এর পিতা মাহফুজ উদ্দিন আহমদ গত আওয়ামী সরকারে আমলে তিন-তিন বার বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পান। পরবর্তীতে ৪৮০০ কোটি টাকা আত্মসাতের দায়ে তিনি বর্তমানে দুদকের চার্জশিট ভূক্ত আসামী। এছাড়াও অভিযুক্ত আমজাদ আইএসপিএবি (ইন্টারনেট লাইসেন্সধারীদের সংগঠন) এর পরিচালক এস এম জাকির হোসাইন (ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক) এর মদদে শুধুমাত্র দলীয় বিবেচনায় সারাদেশের সাবেক ছাত্রলীগ/যুবলীগ/স্বেচ্ছাসেবক লীগ নেতাদের প্রতিষ্ঠানের অনুকূলে পাঁচ শতাধিক আইএসপি লাইসেন্স প্রদান করেন।

প্রসঙ্গত, বর্তমানে চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ বুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক ভাইস-প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি দুর্নীতিতে দোসরের ভূমিকা পালন করেছেন উল্লেখ করে বিটিআরসি-থেকে অবিলম্বের তার পদত্যাগ চেয়ে রবিবার দিন-ভর বিক্ষোভ করেছে কর্মকর্তা ও কর্মচারীরা। তিনি ছাত্র-জনতা অভ্যূত্থানের পর আর অফিসে আসেননি বলে জানিয়েছে একটি সূত্র।