তেজগাঁও কলেজে স্মার্ট কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত

১৪ মে, ২০২৪ ১৪:৩০  

দেশের প্রযুক্তি ও অপ্রযুক্তি খাতের ৩০টির মতো প্রতিষ্ঠানের অংশগ্রহণে মঙ্গলবার রাজধানীর তেজগাঁও কলেজে অনুষ্ঠিত হলো “স্মার্ট কর্মসংস্থান মেলা”। প্রযুক্তি ও টেলিকম খাতের প্রতিষ্ঠানের মধ্যে আইসিসি কমিউনেকশনস লিমিটেড, বন্ডস্টেইন, ওয়ালটন, ই-শিখন, পেপারফ্লাই, কোডম্যানবিডি, ডিভাইন, ওয়েব ব্যাটালিয়নের মতো প্রতিষ্ঠান অংশ নেয়।

মেলায় চাকরি প্রার্থীদের সিভি জমা নেয়া ছাড়াও চাকরী প্রার্থীদের সিভি মূল্যায়ণ সেশনে ৪ জন চারকরি প্রার্থী ও ৪টি চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

মেলার ওপর একটি প্রতিবেদন তুলে ধরেন তেজগাঁও কলেজের ট্যুরিজম ও হসপিটাল ম্যানেজমেন্ট অনুষদের চেয়ারম্যান আজিজুর রহমান। এছাড়াও ক্যারিয়ার বিষয়ক আলোচনায় অংশ নেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মু মশিউর রহমান, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মোঃ হারুন অর রশিদ, ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আঞ্জুমান আরা, বিডিজবস কো-ফাউন্ডার এ কে এম ফাহিম মাশরুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরাটস অধ্যাপক ড. খন্দকার বজলুল হক প্রমুখ।

এই সেশনে চতুর্থ শিল্প বিপ্লবের এবং কৃত্রিম বুদ্ধিমত্তার এ যুগে টিকে থাকতে শিক্ষার্থীদের মধ্যে শেখার মানসিকতা এবং দক্ষতাবৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন পেশার উপযুক্ত করে গড়ে তোলার প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। এই আয়োজন তেজগাঁও কলেজ তথা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

মেলায় অংশ নেয়া আইসিসি কমিউনেকশনস লিমিটেডের মানব সম্পদ ব্যবস্থাপক মোঃ সাহিদ মিয়া জানান, মার্কেটিং, অ্যাকাউন্টস এবং নক এর জন্য তারা সিভি নিয়েছেন। জমা পড়া সিভি বাছাই করে যোগ্যদের শিগগিরই নিয়োগ দেয়া হবে।

এটুআই, বিডিজবস, তেজগাঁও কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়। মেলায় শিক্ষার্থীদের বিভিন্ন চাকরির সুযোগ প্রদানের পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার তথ্য এবং ফ্রিল্যান্সার হিসেবে দেশীয় ও আন্তর্জাতিক কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়া, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রশিক্ষণে ভর্তি হওয়ার সুযোগ ও ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নিজেদের গড়ে তোলার দিকনির্দেশনা প্রদান করা হয়।