ডিজিটাল প্লাটফর্মে সংস্কারের মত চাইলেন প্রধান উপদেষ্টা
দেশ মেরামতে গঠিত ৬টি সংস্কার কমিশনগুলো ডিজিটাল প্লাটফর্ম তৈরি করেছে। সেখানে গিয়ে নিজেদের মতামত তুলে ধরতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
দায়িত্ব পালনের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণে এই আহ্বান জানিয়েছেন তিনি। ভাষণে সংস্কারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি জানিয়ে তিনি বলেছেন, কুখ্যাত ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করা হয়েছে। টিসিবির মাধ্যমে ১ কোটি নিম্ন আয়ের ফ্যামিলি কার্ডের মধ্যে ৫৭ লাখকে স্মার্ট কার্ডে রূপান্তরিত করা হয়েছে। রাজস্ব আয় বাড়াতে অনলাইনে রিটার্ন দাখিলের ব্যবস্থা নেয়া হয়েছে। নিজস্ব নীতিমালায় রাজস্ব বেড়েছে। বন্ধু রাষ্ট্রগুলোর সাহায্য ও বিনিয়োগ আসতে শুরু করেছে।
উপদেষ্টা আরো জানান, জুলাই বিপ্লবে দেড় হাজার শহীদ। ১৯ হাজার আহত। চিকিৎসা নিচ্ছে ঢাকার ১৩টি হাসপাতালে। আহতদের চোখের আলো ফিরিয়ে আনতে নেপাল থেকে কর্নিয়া আনা হচ্ছে। অক্টোবর পর্যন্ত ১৬ শ ব্যক্তির গুম হওয়ার হিসাব পাওয়া গেছে। এই সংখ্যা ৩৫০০ হতে পারে। ওই সময়ে সাত দিন পুলিশ শূন্য থাকলেও বড় আকারের কোনো হানাহানি হয়নি। তবে যতটুকু ঘটেছে তা রাজনৈতিক সহিংসতাকে ধর্মীয় রূপ দেয়ার অপচেষ্টা হয়েছে। সব বাধা পেরিয়ে নভেম্বর-ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশনের প্রতিবেদন শেষ হবে। এর সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন গঠন করা হবে। পতিত সরকারের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনা হবে।
তিনি বলেন, নির্বাচন আয়োজনে যে সংস্কার কমিশনের সুপারিশমালায় রাজনৈতিক দলসমূহ এবং দেশের সকল মানুষের মতামত অপরিহার্যসে কমিশন হলো সংবিধান সংস্কার কমিশন। এই সুপারিশমালার কোন অংশ সকলের কাছে গ্রহণযোগ্য হবে তার ভিত্তিতে নির্বাচনী আইন সংশোধন করতে হবে। সমান্তরাল ভাবে ভোটার তালিকা হাল নাগাদ করার প্রক্রিয়া চলতে থাকবে। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না।
এসময় পরাজিত শক্তি থেকে নিজেদের মুক্ত রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, পতিত সরকারের নেতৃবৃন্দ যারা এদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে নিয়ে গেছে সে অর্থে বলিয়ান হয়ে তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে। তাদেরকে কিছুতেই সফল হতে দেবেন না। তারা সফল হওয়া মানে জাতির মৃত্যু। জাতি হিসেবে আমাদের অবসান।
রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় তার ভাষণ শুরু হয়। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে তার এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সর্বশেষ গত ১০ নভেম্বর নতুন তিনজন উপদেষ্টা যুক্ত হন এই সরকারে। তাদের শপথ নেওয়ার মধ্যদিয়ে অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা এখন ২৪ জনে দাঁড়িয়েছে।
এর আগে গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।







