ক্যান্টন ফেয়ারে ক্রেতাদের নজর কাড়ছে ওয়ালটনের পণ্য
চায়না আমদানি ও রপ্তানি মেলা ক্যান্টন ফেয়ারে নজর কেড়েছে মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত ইউরোপিয়ান এসিসি ব্র্যান্ড এবং বাংলাদেশি ওয়ালটন ব্র্যান্ডের পণ্য। গত ১৫ অক্টোবর চীনের গুয়াংজু শহরে চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার কমপ্লেক্সে শুরু হয়েছে ১৩৪তম শরৎকালীন ক্যান্টন ফেয়ার। আগামী ১৯ অক্টোবর পর্যন্ত এই মেলা চলবে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন জানিয়েছে, ইলেকট্রনিক্স অ্যান্ড হাউজহোল্ড ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস শ্রেণিতে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন তৃতীয়বারের মতো এই মেলায় অংশ নিচ্ছে। ক্যান্টন ফেয়ারের আন্তর্জাতিক প্যাভিলিয়নে স্থাপন করেছ ওয়ালটনের মেগা প্যাভিলিয়ন।
“আমদানিকারক থেকে শুরু করে সাধারণ ক্রেতা-দর্শনার্থী সকলের নজর কাড়ছে মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত ইউরোপিয়ান এসিসি ব্র্যান্ড এবং বাংলাদেশি ওয়ালটন ব্র্যান্ডের এআইওটি বেজড স্মার্ট ফ্রিজ, এয়ার কন্ডিশনার। ক্যান্টন ফেয়ারের মাধ্যমে বিশ্বের নতুন নতুন দেশে ওয়ালটন পণ্যের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হয়েছে।”
ওয়ালটন গ্লোবাল বিজনেস শাখার ভাইস-প্রেসিডেন্ট ও ক্যান্টন ফেয়ারে ওয়ালটন প্যাভিলিয়নের প্রধান সমন্বয়ক আব্দুর রউফ বলেন, মেলায় বিদেশি ক্রেতা, ব্যবসায়ী ও আমদানিকারকরা ওয়ালটন প্যাভিলিয়নের সামনে এসে বিশ্বের প্রথম এআইওটি বেজড ৯ইন১ কনভার্টিবল মোডের ফ্রেঞ্চ ডোর ও ৮ইন১ কনভার্টিবল মোডের সাইড বাই সাইড ডোরের স্মার্ট রেফ্রিজারেটর দেখে থমকে দাঁড়াচ্ছেন।
“এরপর তারা ব্যাপক কৌতূহল নিয়ে ওয়ালটন প্যাভিলিয়নের ভেতরে এসে মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত আইওটি বেজড ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব স্মার্ট ফ্রিজ, এসি, ভিআরএফ এসি, ফ্যান ইত্যাদি প্রযুক্তিপণ্য দেখে অভিভূত হচ্ছেন। উপস্থিত প্রতিনিধিদের কাছ থেকে ওয়ালটনের প্রতিটি পণ্যের উৎপাদন প্রক্রিয়া, গুণগতমান ইত্যাদি সম্পর্কে খুঁটিনাটি ধারণা নিচ্ছেন।”
ক্যান্টন ফেয়ারে বৈশ্বিক ক্রেতাদের থেকে আশাতীত সাড়া পাচ্ছি জানিয়ে আব্দুর রউফ বলেন, এই মেগা ট্রেড শোর মাধ্যমে বৈশ্বিক ক্রেতাদের সঙ্গে ওয়ালটনের আন্তর্জাতিক সেতুবন্ধন তৈরি হচ্ছে। ওয়ালটনের তৈরি পণ্যসামগ্রী ইতোমধ্যে এশিয়া, ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ৪০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে। ক্যান্টন ফেয়ারের মাধ্যমে নতুন নতুন দেশে রপ্তানি বাজার সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হচ্ছে।
ওয়ালটন রেফ্রিজারেটরের ব্র্যান্ড ম্যানেজার মোস্তাফিজুর রহমান জানান, ক্যান্টন ফেয়ারের শুরু থেকে ওয়ালটন প্যাভিলিয়নে ক্রেতা সমাগম হচ্ছে প্রচুর। ইতোমধ্যে আমেরিকা, জর্ডান, সৌদি আরব, উরুগুয়ে, আলজেরিয়া, গ্রিস, মধ্য প্রাচ্য, পোল্যান্ড, প্যালেস্টাইন, ইরাক, মেক্সিকো, জার্মানি, গ্যাবন, পানামা, ডমিনিকান রিপাবলিক, পেরু, ইয়েমেন, লেবানন, ওমান, মায়ানমার, ভারত ইত্যাদি দেশ থেকে ক্যান্টন ফেয়ারে আগত প্রচুর সংখ্যক ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসায়ী ও ক্রেতা ওয়ালটন প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন।
ওয়ালটন গ্লোবাল বিজনেস শাখার কর্মকর্তা শাহরিয়ার জানান, ক্যান্টন ফেয়ারে আসা ক্রেতা-দর্শণার্থীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে ওয়ালটন প্যাভিলিয়ন। এখানে ক্রেতা-দর্শণার্থীদের নজর কাড়ছে ওয়ালটনের আইওটি বেজড ইনভার্টার প্রযুক্তির বিদ্যুৎ সাশ্রয়ী অফলাইন ভয়েস কন্ট্রোল স্মার্ট এসি, ভিআরএফ এসিসহ বেশ কয়েকটি মডেলের রেফ্রিজারেটর।
এছাড়া ৬৬০ লিটার ধারণক্ষমতার কনর্ভাটিবল মোডের সর্বাধুনিক ফিচারের ফ্রেঞ্চ ডোর মডেল, ৬১৯ লিটারের মাল্টিকালার সাইড বাই সাইড ডোর, ওয়াটার ডিসপেন্সার ফিচারের ৬৪৬ লিটার মডেল, ৩৪৩ লিটারের কম্বি মডেল, ১৯৩ ও ৯৩ লিটারের সিঙ্গেল ডোর মডেলের রেফ্রিজারেটরসহ আইসক্রিম কুলার, বেভারেজ কুলার এবং সোলার এবং রিচার্জেবল ফ্যানও মেলায় ক্রেতাদের নজর কেড়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।







