করোনা রোগীদের পরামর্শ দিতে স্বাস্থ্য অধিদপ্তরের পাশে রবি

৩১ মে, ২০২০ ১৬:২০  
করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের জন্য নতুন একটি সেবা চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তরের সিডিসি শাখা। যার নাম ‘সিডিসি আছে আপনার পাশে’। করোনায় আক্রান্ত ব্যক্তিদের সাথে কথা বলা এবং তাদের বাসা জীবাণুমুক্ত করাসহ নানা বিষয়ে পরামর্শ দিতে এই সেবা চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ৩১ মে, রবিবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, করোনা আক্রান্ত ব্যক্তির বাসা জীবাণুমুক্ত ও খাবারসহ নানা বিষয়ে ফোন করে এখন থেকে করোনায় আক্রান্ত ব্যক্তিকে সব ধরনের পরামর্শ দিবেন এই শাখা। আর এই সেবাটি চালু করতে স্বাস্থ্য অধিদপ্তরকে সাহায্য করেছে দেশের বেসরকারি টেলিকম প্রতিষ্ঠান রবি। প্রতিষ্ঠানটি প্রতিমাসে ফ্রিতে ১০ হাজার মিনিট দিবে। পাশাপাশি ১০ টি মোবাইল ফোন ও সিম দিয়েছে প্রতিষ্ঠানটি।