কম খরচে ইমার্জেন্সী ভেন্টিলেটর তৈরি করলো রুয়েট শিক্ষার্থীরা

১৪ জুলাই, ২০২০ ১৭:৪৫  
দেশীয় প্রযুক্তিতে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে ভেন্টিলেটর তৈরি করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা । মোবাইলের মাধ্যমে দূর নিয়ন্ত্রিত ভেন্টিলেটরটি তৈরি করেছে  বিশ্ববিদ্যালয়ের ‘দুর্বার কাণ্ডারী’ দল। ৬টি ফিচার যুক্ত ভেন্টিলেটরটি তৈরিতে খরচ হয়েছে ৩০-৩৫ হাজার টাকা। রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর মাসুদ রানার তত্ত্বাবধানে দুই মাসের বেশি সময় পরিশ্রম করে এই ভেন্টিলেটরটি তৈরি করেছেন রুয়েটের ইইই বিভাগের মো. রাফিউল ইসলাম, মো. মাহমুদুল হাসান, এমটিই বিভাগের ওয়াসিফ আহমেদ, এমই বিভাগের রাফি রহমান, মো. রফি উদ্দিন (এমই’১৫) ও সিএসই বিভাগের মো. মাশরুর সাকিব। মঙ্গলবার দুপুরে রুয়েট ভিসি ড. মো. রফিকুল ইসলাম শেখের উপস্থিতিতে গণমাধ্যম কর্মীদের সমানে হাজির করা হয় স্থানীয় এই উদ্ভাবনটি। রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়,  একই সাথে ওয়েব আ্যপ ব্যবহারের মাধ্যমে একটি নির্দিষ্ট স্থান থেকে একাধিক ভেন্টিলেটর পরিচালনায় সক্ষম তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর মো. সেলিম হোসেন, পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক প্রফেসর মিয়া মো. জগলুল সাদত, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক প্রফেসর মো. ফারুক হোসেন, ইসিই বিভাগের সভাপতি ড. মো. শামীম আনোয়ার প্রমুখ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘আগামী এক মাসের মধ্যে এটির ক্লিনিকাল ট্রায়াল পরিচালিত হবে। সেখানে সঠিক সেবা নিশ্চিত হলে সরকারি অনুমোদনের জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হবে। সরকার অনুমতি দিলে উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হবে।’