এনএফসি চিপ নিয়ে মামলার ঝুঁকিতে অ্যাপল!

৭ অক্টোবর, ২০২১ ০৩:৩৩  
ইউরোপের বাজারে নতুন মামলা ঝুঁকিতে রয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নতুন অ্যান্টিট্রাস্ট মামলা ঠুকে দিতে পারেন ইউরোপিয়ান ইউনিয়নের নীতিনির্ধারকরা। এই মামলায় প্রতিদ্বন্দ্বীদের জন্য উন্মুক্ত করে দিতে বাধ্য করা হতে পারে অ্যাপলের নিজস্ব মোবাইলভিত্তিক লেনদেন ব্যবস্থাকে। সব মিলিয়ে এর প্রভাবে বড় আকারের জরিমানা গুনতে হতে পারে অ্যাপলকে। রয়টার্স জানিয়েছে, অ্যাইফোনের এনএফসি চিপ নির্ভর ‘ট্যাপ-অ্যান্ড গো’ লেনদেন প্রযুক্তি, মার্চেন্টদের অ্যাপ ও ওয়েবসাইটে অ্যাপল পে ব্যবহার করে মোবাইলভিত্তিক লেনদেন সেবার নীতিমালা ও শর্তসমূহ এবং নিজস্ব লেনদেনে ব্যবস্থায় প্রতিদ্বন্দ্বীদের প্রবেশাধিকার দিতে অ্যাপলের অস্বীকৃতি নিয়েই এই মামলা করতে যাচ্ছে ইইউ। নিজস্ব সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, কেবল অ্যাপল পে দিয়েই প্রবেশাধিকার পাওয়া যায় বলে এনএফসি চিপের দিকেই নজর দিচ্ছে ইউরোপিয় কমিশন। অ্যাপলসহ বড় প্রতিটি প্রযুক্তি প্রতিষ্ঠান ইউরোপিয়ান ইউনিয়নের অ্যান্টিট্র্যাস্ট প্রধান মার্গ্রেথ ভেস্টেগারের নজরদারিতে আছে ২০২০ সালের জুন থেকেই। এর আগে অ্যাপল পে নিয়ে তদন্তে নেমেছিলেন ভেস্টেগার।