এটুআই এর অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিন : নাহিদ ইসলাম

৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:০৫  

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ কর্র্তৃক বাস্তবায়নাধীন এসপায়ার টু ইনোভেট (এটুআই) এর অপ্রয়োজনীয় প্রকল্প দ্রুত বাদ দিতে বললেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম। একইসঙ্গে এটুআই এর কাজের ব্যাপারে যেন কোন অভিযোগ না আসে সেই দিকে খেয়াল রাখতে বলেছেন তিনি।

বুধবার রাজধানীর প্রশাসনিক এলকা আগারগাঁওয়ে অবস্থিত আইসিটি টাওয়ারে এটুআই এর প্রধান কার্যালয় পরিদর্শনকালে এই নির্দেশনা দেন উপদেষ্টা। আলোচনায় এটুআই প্রকল্প পরিচালক মামুনুর রশিদ ভূঁইয়া ছাড়াও প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিজেদের বিভিন্ন মত তুলে ধরেন তরুণ উদ্যোক্তারা।

এসময় উদ্যোক্তা নাহিদ ইসলাম বলেন, এটুআই গৃহীত উদ্যোগগুলো দেশের মানুষের কাছে পৌঁছাতে হবে। উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে হবে। বাংলাদেশের যুবসমাজকে তথ্য প্রযুক্তি খাতে সম্পৃক্ত করা হবে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে যে সকল বাংলাদেশী তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ গাড়ি হিসেবে কাজ করছে তাদের সমন্বয়ে অ্যাডভাইজরি টিম করা হবে। তাদের পরামর্শ অনুযায়ী তরুণদের কাজে লাগানো হবে।

অনেকে ব্যক্তি উদ্যোগে বা গ্রুপ ভিত্তিক ভালো উদ্ভাবনি কাজ করছে তাদের পরামর্শ দিলে সেটাও তাদের কাজে আসবে বলে মন্তব্য করেন উপদেষ্টা। নাহিদ ইসলাম বলেন, এটুআই এর অনিয়ম দুর্নীতি নিয়ে একাধিক তদন্ত কমিটি করা হয়েছে, সেই তদন্ত প্রক্রিয়া যেন নিরপেক্ষ এবং স্বচ্ছ হয়।

নাহিদ ইসলাম আরো বলেন, দেশে যে রাজনৈতিক ধারা অব্যাহত আছে তা সংস্কার প্রয়োজন। পাশাপাশি রাষ্ট্র কাঠামোর সংস্কার ও করতে হবে। আমাদের রাষ্ট্র কাঠামো এক ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে, এখানে সংবিধান প্রধানমন্ত্রীকে এমন ক্ষমতা দিয়েছেন যা সীমাহীন। আমরা সকলের সাথে আলোচনা করে এ ধারা পরিবর্তন করতে চাই।

এদিকে গত ২০ আগষ্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন এটুআই প্রোগ্রামের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরামর্শককে দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। তাদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে পরদিন এটুআই প্রোগ্রামে কর্মরত পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ নামে-বেনামে বিভিন্নভাবে ওঠা অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। অভিযুক্তদের অপরাধ সনাক্তে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ড. মুহম্মদ মেহেদী হাসানকে সভাপতি করে প্রথমে যুগ্ম প্রকল্প পরিচালক মোল্লা মিজানুর রহমান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের উপসচিব মো. শাহীনুর আলমকে নিয়ে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে অভিযোগের বিষয়ে অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিল করতে বলা হয়। তবে নিজেদের নিয়ে এই কমিটি গঠন করায় সমালোচিত হওয়ায় কমিটিতে ১ সেপ্টেম্বর আরো তিন সদস্যকে যুক্ত করা হয়। এদের মধ্যে রয়েছেন ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউরিকেশন টেকনোলজি (আইআইসিটি), বুয়েট থেকে একজন প্রযুক্তি বিশেষজ্ঞ এবং সিপিটিউ ও অডিটর থেকে একজন প্রকিউরমেন্ট বিশেষজ্ঞ।