ইউক্রেনের জন্য একদিনে ৩৬ মিলিয়ন ডলার তহবিল গড়েছে এপিক গেমস
রবিবার জনপ্রিয় ব্যাটল রয়্যাল গেম ‘ফোর্টনাইট’ এর নতুন সিজন উন্মোচন করেছে এপিক গেমস। আর ওই উন্মোচন অনুষ্ঠানে ইউক্রেনকে ত্রাণ সহায়তা করার ঘোষণা দেয় কোম্পানিটি। মাত্র একদিনেই ৩৬ মিলিয়ন ডলার সহায়তা তহবিল গড়েছে এপিক।
ইউক্রেনকে ত্রাণ সহযোগিতা দিতে এগিয়ে এসেছে ‘এপিক গেমস’। জনপ্রিয় ব্যাটল রয়্যাল গেম ‘ফোর্টনাইট’-এর নতুন সিজনের প্রথম দুই সপ্তাহের আয়ের পুরোটাই ইউক্রেনের ত্রাণ তহবিলে দান করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
ঘোষণা অনুযায়ী, ২০ এপ্রিল থেকে ৩ এপ্রিল পর্যন্ত সাবস্ক্রিপশন প্যাকেজ, উপহার হিসেবে দেওয়া ‘ব্যাটল পাস’ এবং কিছু কসমেটিক প্যাকসহ গেমাররা যাই কিনুন না কেন, তার পুরোটাই যাবে ইউক্রেনের মানবিক সহায়তা তহবিলে।
এপিক বলেছে, ফোর্টনাইটে ব্যবহৃত ‘ভি-বাকস’ এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয় কারণ এটি কোনো প্রচলিত মুদ্রা নয়। তবে, গেমটির ‘গিফট কার্ড’ এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত থাকবে। শর্ত হচ্ছে, কার্ডগুলো ব্যবহার করতে হবে দুই সপ্তাহের মধ্যেই।
‘ডিরেক্ট রিলিফ’, ‘ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস’, ‘ইউনাইটেড নেশনস চিলড্রেন’স ফান্ড’ এবং ‘ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম’ সংস্থায় এই তহবিলের অর্থ প্রদান করা হবে। ‘সামনের সপ্তাহগুলোতে’ আরও কয়েকটি সাহায্য সংস্থা যোগ হবে এই প্রক্রিয়ায়।
ডিবিটেক/বিএমটি