আসিয়ান অঞ্চলে ৫জি ইকোসিস্টেম তৈরিতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ জরুরি

৪ মার্চ, ২০২০ ১৫:৩৩  
ডিজিটাল রূপান্তরের জন্য ৫জি ইকোসিস্টেমে আসিয়ান অঞ্চলে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহবান জানিয়েছেন আসিয়ান ইকোনমিক কমিউনিটি (এইসি) এর ডেপুটি সেক্রেটারি জেনারেল ড. আলাদিন ডি. রিল্লো। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত ‘হুয়াওয়ে সাইবার সিকিউরিটি ট্রান্সপারেন্সি সেন্টার’ পরিদর্শনকালে তিনি এই আহবান জানান। তিনি বলেন, “গোটা বিশ্ব দারুণভাবে আন্তঃসংযুক্ত এবং একীভূত। আমাদের সবার লক্ষ্যই এক, কাজেই সেই লক্ষ্যে পৌঁছাতে হলে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আমাদেরকে একসাথে কাজ করতে হবে। এর ব্যত্যয় কারো জন্যই ভালো ফল বয়ে আনবে না।“ ড. রিল্লো বলেন, “আসিয়ানে আমরা ডিজিটালাইজেশনের ওপর খুব জোর দিচ্ছি। আর সেটি করার জন্য আমাদের দরকার উপযুক্ত অবকাঠামো”। তিনি আরো বলেন, “ভিয়েতনামের নেতৃত্বে এবছর আমরা ৫জি চালু করার চেষ্টা করছি, যেটা ডিজিটাল রূপান্তর এবং বাজার একীভূতকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ভিত্তি।” “২০১৯ সালে আসিয়ানের ডিজিটাল অর্থনীতি প্রথমবারের মতো ১০০ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে, ২০২৫ সাল নাগাদ এটি ৩০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। কাজেই সরকার, ব্যবসা এবং সমাজের কাছে ডিজিটাল রূপান্তরটা কেবল একটি বিকল্প হিসেবে সীমাবদ্ধ নয়, বরং অর্থনীতি এবং ব্যবসায়িক ক্ষমতায়নের প্রশ্নে অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়।”