অ্যাপ স্টোরের ভেতরেই নিজস্ব গেম-স্টোর তৈরি করতে চেয়েছিলো এপিক

২৩ আগষ্ট, ২০২০ ১৪:৪০  
অ্যাপ স্টোরের ভেতরেই নিজস্ব গেম-স্টোর তৈরির জন্য পৃথক চুক্তি করতে চেয়েছিলেন ফোর্টনাইট নির্মাতা এপিক গেমের প্রধান নির্বাহী। কিন্তু তাতে অ্যাপলের অ্যাপ স্টোরের কমিশন ভিত্তিক ব্যবসা মডেল পাল্টে যেত বলেই কঠোর অবস্থানে গিয়েছে অ্যাপল। তবে অ্যাপলের এ বক্তব্য প্রসঙ্গে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি এপিক গেমস। শুক্রবারের আদালতে জমা দেওয়া নথিতে অ্যাপলের এ বক্তব্য উঠে এসেছে বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। খবরে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার ফেডারেল বিচারক যেন ফোর্টনাইট নির্মাতা এপিক গেমসের আবেদনে সাড়া না দেন, সেজন্য এই বক্তব্য উপস্থাপন করেছে অ্যাপল। এর আগে অ্যাপল যেন অ্যাপ স্টোর থেকে তাদেরকে বাদ না দেয় সেজন্য আদালতের নিষেধাজ্ঞা চেয়ে বিচারকের কাছে অনুরোধ জানিয়েছিল এপিক গেমস। এ প্রসঙ্গে অ্যাপল নথিতে লিখেছে, “এপিক ভালো করেই জানতো, অ্যাপলের প্রক্রিয়া ও চুক্তি লঙ্ঘন করে অ্যাপলের সঙ্গে তারা নিজেদের সম্পর্ক – আনরিয়েলসহ অন্যান্য প্রকল্পকে- মারাত্নক ঝুঁকির মধ্যে ফেলছে। তারপরও এপিক হিসেব করে লঙ্ঘনের সিদ্ধান্ত নিয়েছে এবং দৌঁড়ে আদালতে এসে দাবি করেছে তাদের গ্রাহক ক্ষতিগ্রস্থ হচ্ছে।”