অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেফতার ৬

১৪ ডিসেম্বর, ২০২০ ২২:১৩  
ফেসবুকে একাধিক পেজ খুলে পণ্য বিক্রির মাধ্যমে গ্রাহকদের প্রতারণার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরা হলেন- রকি বিশ্বাস (২৫), মো. হেকমত আলী (২৭), মো. কচিবুর রহমান (২২), শিমুল মণ্ডল (২৭), মো. আনিছুর রহমান শেখ (২৯) ও মো. মাজহারুল ইসলাম (২৪)। এদের মধ্যে রকি ও হেকমত আলী ১৬টি, কচিবুর পাঁচটি এবং শিমুল তিনটি ফেসবুক পেজ থেকে প্রতারণা করে আসছিলো। সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ফেসবুকে দারাজ অনলাইন, দারাজ অনলাইন ৭১, দারাজ অনলাইন শপ, দারাজ এক্সপ্রেস, দারাজ অনলাইন বিডি, ফ্যাশন জোন, গ্যালাক্সী ২৪, অনলাইন মোবাইল গ্যালাক্সী, শপিং সেন্টার নেট, শপিং জোন বিডি, শপিং ডেলস, স্মার্ট শপ বিডি, উইনটার কানেকশন, সোনিয়া ফ্যাশন হাউজ, সু বাজার ডটকম, ফ্যাশন হাউজ ২৪, চায়না ফ্যাশন বিডি, বিডি ফ্যাশন শপসহ বিভিন্ন নামে পেজ খুলে কম টাকায় ভালো মানের পণ্য বিক্রির লোভ দেখিয়ে খারাপ পণ্য সরবরাহ করে প্রতারণা করে আসছিল বলেও জানান তিনি।