মেটার প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ হামাস
ফিলিস্তিনকে দখলদার মুক্ত আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে সমর্থন বা প্রশংসা করা কনটেন্ট নিষিদ্ধ করেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। মেটার নীতি অনুযায়ী, হামাসকে বিপজ্জনক সংগঠন এবং ব্যক্তি নীতির অধীনে মনোনীত করা হয়েছে।
বিবৃতি দিয়ে শুক্রবার (১৩ অক্টোবর) এই তথ্য জানিয়েছে সোশ্যাল জায়ান্টটি।
বিবৃতিতে মেটা জানায়, হামাসকে আমাদের প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করা হয়েছে। হামাসকে প্রশংসা বা সমর্থন করে যেসব পোস্ট দেওয়া হয়েছে তা সরিয়ে ফেলা হয়েছে। তবে আমাদের প্ল্যাটফর্মে বিধান মেনে সামাজিক ও রাজনৈতিক বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।
মেটা আরও জানায়, ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর শুক্রবার পর্যন্ত তিন দিনে ৭ লাখ ৯৫ হাজার কনটেন্ট সরিয়ে ফেলা হয়েছে। এসব কনটেন্ট হিব্রু ও আরবি ভাষায় ছিল। এসব লেখা বা ভিডিওতে আমাদের বিধান লঙ্ঘন করা হয়েছে। ছড়ানো হয়েছে বিদ্বেষ।
এছাড়াও বিপজ্জনক সংস্থা, ব্যক্তি, হিংসাত্মক এবং গ্রাফিক বিষয়বস্তু, ঘৃণাত্মক বক্তৃতা, সহিংসতা এবং উস্কানি ও ক্ষতিকর তথ্যের বিষয়েও এই নীতিমালা প্রয়োগ করা হবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। মেটা জানিয়েছে, “৭ অক্টোবর থেকে পরের তিন দিনে হিব্রু ও আরবি ভাষায় এই নীতি লঙ্ঘনের জন্য ৭৯৫,০০০টির বেশি পোস্ট সরানো হয়েছে। এটি আগের দুই মাসের তুলনায় সাতগুণ।”
সাময়িকভাবে সহিংসতা এবং উসকানি নীতির আরও প্রয়োগ করছে। বিশেষ করে, এ সংক্রান্ত বিষয় সরিয়ে দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটি বলছে, “আমাদের নিয়ম অনুসারে, আমাদের দল সেই হ্যাশট্যাগের সঙ্গে সম্পর্কিত বিষয়বস্তু ধারাবাহিকভাবে অপরারণ করছে। এছাড়া কয়েকটি ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ সীমাবদ্ধ করা হয়েছে। এগুলো আর খুঁজে পাওয়া যাবে না।
ওই অঞ্চলের গুজব অনুসন্ধানে থার্ড-পার্টি ফ্যাক্ট-চেকারদের সঙ্গে কাজ করছে মেটা। এএফপি, রয়টার্স ও ফাতাবিয়ানোর মাধ্যমে আরবি এবং হিব্রু উভয় ভাষায় ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক পরিচালনা করছে মেটা।







