সুপ্রিম কোর্টের রায় বাংলায় অনুবাদ করবে এআই সফটওয়্যার
বাংলাদেশ সুপ্রিম কোর্টের মামলার রায় ইংরেজি থেকে বাংলা ভাষায় অনুবাদ করতে ব্যবহৃত হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার। প্রথম পর্যায়ে কেবল উচ্চ আদালতের রায়গুলো বাংলায় আনুবাদ করার ক্ষেত্রে আমার ভাষা সফটওয়্যার ব্যবহার করা হবে। এরপর পর্যায়ক্রমে নিম্ন আদালতের রায়ও বাংলায় অনুবাদ করার ক্ষেত্রে এই সফটওয়্যার ব্যবহার করা হবে।
বৃহস্পতিবার ‘আমার ভাষা’ নামের অ্যাপটি উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
ভারতের সহযোগিতায় তৈরি হয়েছে এই সফটওয়ারটি।
এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, ‘ইংরেজিতে প্রদত্ত আদালতের রায়গুলো এই সফটওয়্যারের মাধ্যমে সহজেই বাংলায় অনুবাদ করা যাবে। ফলে বিচারপ্রার্থী এবং সাধারণ জনগণের কাছে আদালতের রায়গুলো আরও সহজবোধ্য হবে।'
আইনমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালতে ইংরেজি ভাষায় প্রদত্ত রায় বাংলা ভাষায় অনুবাদের এই প্রযুক্তিগত সহযোগিতা এদেশের বিচারপ্রার্থী মানুষের একসেস টু জাস্টিস নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্ত্রী বলেন, এতদিনে বাংলাদেশের সকল আদালতের সকল কার্যক্রম বাংলা ভাষাতেই হওয়া বাঞ্ছনীয় ছিল।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দীন, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার প্রমুখ বক্তব্য দেন।