ডিজিটাল স্ক্রলিং বোর্ডে ‘ছাত্রলীগ ফিরবে ভয়ংকর রূপে’!

১১ নভেম্বর, ২০২৪ ১৩:৫০  

রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের ডিজিটাল স্ক্রলিং বোর্ডে হঠাৎ-ই ভেসে এসেছিল নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ সংশ্লিষ্ট একটি বার্তা। যেখানে লেখা ছিল- ‘বাংলাদেশ ছাত্রলীগ আবারও আসবে ভয়ংকর রূপে, সাবধান।’  অথচ সেখানে অফিসিয়ালি স্ক্রলিং হতো-  ‘রাজশাহী কলেজের শিক্ষার্থীদের ক্লাসে ৭০% উপস্থিতি বাধ্যতামূলক। ’ 

এখন এই লেখার পরিবর্তে ওই বার্তা কীভাবে ঢুকে পড়লো তা খতিয়ে দেখছে কলেজ কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে রাতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল মতিনকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বারিক মৃধা ও আইসিটি বিভাগের প্রভাষক আর এম ইমতিয়াজ আলম।

তবে বিষয়টি এরই মধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। আর এর পরপরই ভার্চ্যুয়াল প্লাটফর্মে ঘটনাটি নিয়ে উঠেছে সমালোচনার ঝড়।  

এছাড়া কলেজের প্রশাসনিক ভবনের সামনেও এ ঘটনায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

এদিকে তদন্ত কমিটির বিষয়টি নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী বলেন, বিষয়টি নিয়ে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। যে নাম ওই বোর্ডে দেখা গেছে সেই নামের একটি ফেসবুক আইডিও আমরা পেয়েছি। তবে তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, তদন্ত কমিটিও কাজ শুরু করেছে। আমরা এরই মধ্যে বোয়ারিয়া থানায় একটি জিডিও করেছি। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ বলেন, রোববার রাতে রাজশাহী কলেজ কর্তৃপক্ষ একটি জিডি করেছে। বর্তমানে এটির তদন্ত চলছে।

এর আগে রোবিবার (১০ নভেম্বর) বিকেলে রাজশাহী কলেজের ডিজিটাল স্ক্রলিং বোর্ডে ওই বার্তাটি স্ক্রল হতে দেখা গেছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।  আর মুহূর্তের মধ্যেই স্ক্রলটির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে সন্ধ্যায় জরুরি একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে বসে কলেজ প্রশাসন। এরপর সোমবার সকালে রাজশাহী কলেজ প্রশাসনিক ভবনের ওই ঘটনার জেরে কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হন। এ সময় তারা বিভিন্ন স্লোগানে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে বলে ঘোষণা দিয়ে তারা স্থান ত্যাগ করেন।