চাকরি হারালেন ‘এআই এর অনুভূতি আছে’ বলা গুগল প্রকৌশলী

২৪ জুলাই, ২০২২ ০০:১৫  
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সিস্টেমগুলোর মধ্যে একটির নিজস্ব অনুভূতি রয়েছে - এমন দাবি করা এক প্রকৌশলীকে চাকরিচ্যুত করেছে গুগল। খবর বিবিসি। ব্লেক লেমোইন নামের গুগলের এক প্রকৌশলী গত মাসে জনসমক্ষে একটি তত্ত্ব হাজির করেন। সেখানে ব্লেক দাবি করেন - গুগলের ভাষা প্রযুক্তি সংবেদনশীল; তাই, এটিকে সম্মান করা উচিত। কিন্তু, গুগলসহ একাধিক এআই বিশেষজ্ঞ ব্লেকের দাবি উড়িয়ে দেন। এবং শুক্রবার গুগল জানায় - ব্লেককে বরখাস্ত করা হয়েছে। চাকরিচ্যুত হওয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে ব্লেক লেমোইন বলেছেন - তিনি আইনি পরামর্শ নিচ্ছেন। এর বেশি কিছু বলতে রাজি হননি ব্লেক। এক বিবৃতিতে গুগল বলেছে - দ্য ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়লগ অ্যাপ্লিকেশন (ল্যামডা) সম্পর্কে ব্লেক লেমোইনের দাবিগুলো ‘সম্পূর্ণ ভিত্তিহীন’। এবং বিষয়টি স্পষ্ট করার জন্য গুগল ‘অনেক মাস’ তাঁর সঙ্গে কাজ করেছে। গুগল আরও বলেছে, ‘তাই, দুঃখজনক হলো - এ বিষয়ে দীর্ঘদিন জড়িত থাকা সত্ত্বেও, ব্লেক এখনও কর্মসংস্থান ও তথ্য সুরক্ষা নীতির সুস্পষ্ট লঙ্ঘন করাকেই বেছে নিয়েছেন। এসব নীতির মধ্যে পণ্যের তথ্য সুরক্ষা করার প্রয়োজনীয়তার বিষয়টিও রয়েছে।’ ডিবিটেক/বিএমটি