হোয়াটসঅ্যাপে আসছে জয়েন মিসড কল ও বায়োমেট্রিক লক ফিচার

২২ অক্টোবর, ২০২০ ১৭:৫৪  
এবার হোয়াটসঅ্যাপে আসছে জয়েন মিসড কল ও বায়োমেট্রিক লক ফিচার। বুধবার ওয়াবেটাইনফো জানিয়েছে, গুগল প্লে বিটা প্রোগ্রামে একটি নতুন আপডেট (ভার্সন ২.২০.২০৩.৩) জমা দিয়েছে ফেসবুকের মালিকানাধীন সংস্থা হোয়াটসঅ্যাপ। এই আপডেটে একাধিক নতুন ফিচার পাবে হোয়াটসঅ্যাপ বিটা ব্যবহারকারীরা, যার মধ্যে আছে জয়েন মিসড কল, বায়োমেট্রিক লক প্রভৃতি। ওয়াবেটাইনফো-র রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ গত কয়েক মাস ধরে ‘জয়েন মিসড কল’ নামে একটি নতুন ফিচারের ওপর কাজ করছে। এই ফিচারটির সাহায্যে ইউজাররা কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে তাড়াতাড়ি গ্রুপ কলগুলিতে যোগ দিতে পারবেন। বিশেষত, কন্ট্যাক্ট লিস্টের পরিচিত কেউ যদি ইউজারদের গ্রুপ কলে ইনভাইট করে এবং ওই ইউজার তৎক্ষণাৎ কলটিতে যোগ দিতে না পারে, তাহলে পরবর্তী সময়েও কলে জয়েন করার সুযোগ থাকবে, যদি না বাকিরা কল ডিসকানেক্ট করে দেয়। অর্থাৎ আগামী দিনে সাধারণ কনফারেন্সের কলের মতই সুবিধা পাওয়া যাবে হোয়াটসঅ্যাপ কলে। এছাড়া, হোয়াটসঅ্যাপ, অ্যাপ্লিকেশনের ফিঙ্গারপ্রিন্ট লক অপশনটি আরো ডেভেলপ করতে কাজ করছে বলে জানা গিয়েছে। ইউজারদের চ্যাটের সুরক্ষার জন্য গত বছর অ্যাপে এই বিশেষ ফিচারটি যুক্ত করে সংস্থাটি। তবে এখন হোয়াটসঅ্যাপ ফিঙ্গারপ্রিন্ট লক ফিচারটি নিয়ে কী করতে চাইছে সে বিষয়ে ধারণা দিতে কিছু স্ক্রিনশট শেয়ার করেছে ওয়াবেটাইনফো।