মোদির টুইটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশ

১৭ ডিসেম্বর, ২০২৪ ১৮:৫৯  

বাংলাদেশের বিজয় দিবসকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইট বার্তায় যে মন্তব্য করেছেন তার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে, প্রতিবেশি রাষ্ট্র মিয়ানমারের অভ্যন্তরীণ কোন্দল চরমে পৌছায় সীমান্ত, অপরাধ এবং মিয়ানমার পরিস্থিতি নিয়ে বৈঠক করতে বুধবার (১৮ ডিসেম্বর) থাইল্যান্ড যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, নরেন্দ্র মোদির টুইটের বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল তার মতো করে একটি বার্তা দিয়েছেন, আমরা আমাদের মতো করে বলবো। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আমার নাম নিয়ে আমাকে অভিনন্দন জানিয়েছেন বিজয় দিবস উপলক্ষে।

এদিকে, রোহিঙ্গা ও মিয়ানমার ইস্যুতে থাইল্যান্ডে একটি অনানুষ্ঠানিক আলোচনায় অংশগ্রহণের জন্য থাই পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ব্যাংকক যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। 

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, আনুষ্ঠানিক আলোচনার সময়ে সরাসরি যে আলোচনা হয়, এটি তার থেকে কিছুটা বাইরে। এখানে তিনটি বিষয় আছে, সীমান্ত, অপরাধ এবং মিয়ানমার পরিস্থিতি। আমি কী বলবো, সেটি নির্ভর করবে সেখানে কী কথাবার্তা হয় সেটির ওপর। আমি আগে থেকে কিছু বলতে চাই না এবং সেটি ঠিকও হবে না। আমাদের মূল বিষয় হচ্ছে যে ১৩ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আছে এবং আশ্রয় নিয়েছে, তাদের নিরাপত্তা ও অধিকারের সঙ্গে ফেরত নিতে হবে।