বন্ধ হবে অনূর্ধ্ব ১৩ বয়সী ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট
ফেসবুক ও ইনস্টাগ্রামে সাইবার বুলিং বন্ধে ও ১৩ বছরের নিচের বয়সী ফেসবুক, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অ্যাকাউন্ট মুছে দেবে মেটা। মঙ্গলবার (৯ মে ২০২৩) পছন্দের সংবাদমাধ্যম প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য দিয়েছেন দক্ষিণ এশিয়ায় ফেসবুকের সেফটি সিকিউরিটি ম্যানেজার প্রিয়াঙ্কা বালা। এ সময় সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা থেকে মেটার বেশ কয়েকজন কর্মী যুক্ত ছিলেন।
প্রিয়াঙ্কা দাবি করেছেন, ‘মানসিক স্বাস্থ্য, শিশু মনস্তত্ত্ব, ডিজিটাল লিটারেসিসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করে আমরা বিভিন্ন ফিচার ও টুল তৈরি করেছি।’
দেশে দেশে ফেসবুক নিয়ে সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর কঠোর অবস্থান গ্রহণ, বিশেষ করে সম্প্রতি বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের হুঁশিয়ারি উচ্চারণের পর এমন অবস্থানের কথা জানালো মেটা।
সংবাদ সম্মেলনে প্রিয়াঙ্কা জানান, ফেসবুক ও ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলার আগে ব্যবহারকারীর বয়স অবশ্যই ১৩ হতে হবে। সর্বনিম্ন বয়সসীমার নিচে কোনো ব্যক্তির অ্যাকাউন্টের খোঁজ পেলে সঙ্গে সঙ্গে মুছে দেবে (ডিলিট) দেবে কর্তৃপক্ষ।
তবে বয়সসীমা যাচাইয়ের প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে স্পষ্ট কোনো ধারণা দেয়নি প্রতিষ্ঠানটি।
আলোচনায় প্রিয়াঙ্কা অবশ্য বলেছেন, যদি ১৮ বছরের কম বয়সী কেউ তার বয়স ১৮ বছরের বেশিতে পরিবর্তন করতে চায়, তাকে নিজের পরিচয়পত্র আপলোড করে অথবা ভিডিও সেলফি রেকর্ড করে নিজের বয়স যাচাই করিয়ে নিতে হবে। একই সঙ্গে মা-বাবারা ‘ফ্যামিলি সেন্টার অ্যাকসেস’ করে নিজের কিশোর-কিশোরী সন্তানের সঙ্গে টুল সেটআপ করে নিতে পারেন। ফলে তাঁরা ইনস্টাগ্রামে সন্তানের কার্যক্রম তদারক করতে পারেন।
প্রিয়াঙ্কা আরো বলেন, ‘গত ১ ফেব্রুয়ারি থেকে কিশোর-কিশোরীদের কাছে পৌঁছানোর জন্য বিজ্ঞাপনদাতারা শুধু বয়স ও স্থান (লোকেশন) ব্যবহার করতে পারছেন। টার্গেটিং অপশনের তালিকা থেকে আমরা জেন্ডার (লিঙ্গ) সরিয়ে দিয়েছি। গত বছর ইন্টারেস্ট ও অন্যান্য অপশনও সরিয়ে দিয়েছি। বয়স ও স্থানের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি যে কিশোর-কিশোরীরা তাদের বয়সের উপযুক্ত বিজ্ঞাপন দেখতে পাচ্ছে। এর মাধ্যমে তাদের অবস্থানস্থলের আশপাশে প্রাপ্ত পণ্য ও সেবার বিজ্ঞাপন তাদের কাছে পৌঁছানোও নিশ্চিত করা যায়। এ ছাড়া কিশোর-কিশোরীদের আগের এনগেজমেন্ট, লাইক দেওয়া ইনস্টাগ্রাম পোস্ট বা ফেসবুক পেজ, তাদের দেখা বিজ্ঞাপনের ওপর কোনো প্রভাব ফেলে না।’
প্রসঙ্গত, ২০২১ সাল থেকে ১৬ বছরের নিচে যে কেউ ইনস্টাগ্রামে যোগ দিলে তার অ্যাকাউন্ট ‘প্রাইভেট অ্যাকাউন্ট’–এ পরিণত হয়। অপ্রাপ্তবয়স্করা ফেসবুকে নতুন অ্যাকাউন্ট খুললে তাদের অ্যাকাউন্টে ‘ফ্রেন্ডস’ অপশন দেওয়া থাকে। তাদের অ্যাকাউন্টে ‘পাবলিক’ অপশনটি থাকে না। ফলে তারা কোনো ছবি বা পোস্ট দিলে, সেগুলো সবাই দেখতে পায় না। শুধু তাদের প্রোফাইলে যুক্ত থাকা বন্ধুরা দেখতে পায়। অপ্রাপ্তবয়স্ক কেউ ‘পাবলিক’ অপশন দিয়ে কিছু শেয়ার করতে চায়, তাকে সেটিংসে গিয়ে অপশনটি চালু করতে হবে। একই সঙ্গে তাদের ‘পাবলিক’ হিসেবে শেয়ার করার অর্থও জানিয়ে দেয় ফেসবুক।







