বনানী বাসস্ট্যান্ড থেকে শুরু হতে যাচ্ছে স্মার্ট ঢাকা। বহুমুখী স্মার্ট ল্যাম্প পোল স্থাপনের মাধ্যমে শুরু হচ্ছে এই কার্যক্রম।
স্মার্ট ঢাকা গড়ে তোলার অংশ হিসেবে সোমবার (১২ জুলাই) সকালে ‘স্মার্ট ল্যাম্প পোস্ট’ কার্যক্রমের উদ্বোধনী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। তিনি জানান, প্রথম পদক্ষেপ হিসেবে ‘স্মার্ট ল্যাম্প পোস্ট’ অবকাঠামো তৈরি করেবে ই-ডট কো।
আর আসছে শীত মৌসুমেই ঝুলন্ত তারহীন নগরী গড়তে কাজ শুরু করবে উত্তর সিটি। শুরুতে নিকেতন-গুলশানের ইন্টরনেটের তার ভূ-গর্ভস্থ করার কাজ বাস্তবায়ন করা হবে জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেছেন, নাগরিক সকল সুবিধার সমন্বয়ে আগামী তিন মাসের মধ্যে উন্মোচন করা হবে সবার ঢাকা অ্যাপ।

ওয়েবিনারটিতে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. মোহাম্মাদ জাফর ইকবাল, বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক, ঢাকা নর্থ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আব্দুল হাই, রবির সিইও মাহতাব উদ্দিন আহমেদ, ফাইবার অ্যাট হোমের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব) মোহাম্মাদ রফিকুর রহমান এবং ডিএনসিসি’র প্রধান নির্বাহী প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে ই-ডটকো বাংলাদেশের প্রধান রিকি স্টেন, সেলস অ্যান্ড মার্কেটিং পরিচালক রিভেন দেওয়ান এবং হিউম্যান রিসোর্স অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স রেজওয়ান আহমেদ কোরেশি স্মার্ট ল্যাম্পপোস্ট নিয়ে তাদের পরিকল্পনা তুলে ধরেন।
পরিকল্পনা অনুযায়ী, ২৫০টি স্মার্ট ল্যাম্পপোস্টে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, উচ্চগতির ওয়াফাই ইন্টারনেট, স্মার্ট বিন, এলইডি বাতি, বাতাসের দূষণ পর্যবেক্ষণ, সার্ভিলেন্স ক্যামেরা, ডিজিটাল ডিসপ্লে-বোর্ড থাকছে। পোলগুলোতে সংযুক্ত থাকবে বেশ কিছু সেন্সর যা পরিচ্ছন্ন, নিরাপদ ও নিরবিচ্ছিন্ন ডিজিটাল সেবায় সংযুক্ত রাখবে নাগরিকদের।