নোয়াখালীতে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বিষয়ক সভা
বুধবার (৬ নভেম্বর) সকালে নোয়াখালীতে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপ কর কমিশনারের কার্যালয়, নোয়াখালী, কর অঞ্চল-কুমিল্লার আয়োজনে স্থানীয় সুপার মার্কেটে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কর অঞ্চল কুমিল্লার কর কমিশনার শেখ মো. মনিরুজ্জামান।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত কর কমিশনার মুরাদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম কর কমিশনার মো. এনামুল কবির। সভায় সভাপতিত্ব করেন উপ কর কমিশনার এনামুল হাছান-আল-নোমান।
প্রধান অতিথির বক্তব্যে কর কমিশনার শেখ মো. মনিরুজ্জামান বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী ব্যাংকে কর্মরতদের বাধ্যতামূলকভাবে অনলাইনে রিটার্ন দাখিল করতে হবে। অনলাইনে রিটার্ন দাখিল করলে তাৎক্ষণিকভাবে সনদও পাওয়া যাবে। তাছাড়া, অনলাইনে রিটার্ন দিলে রাত দিন ২৪ ঘণ্টা যেকোনো সময়ে ঘরে বসেই রিটার্ন দাখিল করা যায়। ফলে, কাউকেই আয়কর অফিসে উপস্থিত হয়ে রিটার্ন দাখিলে সময় ব্যয় করতে হচ্ছে না। তাছাড়া আয়কর রিটার্ন অনলাইনে দিলে করণিক ভুল হওয়ার সম্ভাবনা নেই এবং আয়করের হিসাব সফটওয়ার নিজেই করে দেয় বলে কর কম কিংবা বেশি হওয়ার সুযোগ থাকে না। এছাড়া, অনলাইনে রিটার্ন দিলে করদাতাদের নিজস্ব আইডিতে করদাতার প্রাপ্তিস্বীকারপত্র, আয়কর প্রত্যয়নপত্র, আয়কর রিটার্ন স্বয়ংক্রিয়ভাবে সেভ হয়ে থাকে।
ফলে, করদাতা যেকোন সময় তার প্রয়োজনীয় তথ্যাদি পুনরায় ডাউনলোড করে নিতে পারে। ইতোমধ্যেই লক্ষাধিক সম্মানিত করদাতাগণ অনলাইনে রিটার্ন দাখিল করতে সক্ষম হয়েছেন। আশা করছি,কর অঞ্চল-কুমিল্লার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী,বেসরকারি কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্য সকল ব্যক্তি করদাতা অনলাইনে রিটার্ন দিয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবেন।
এ সভায় নোয়াখালীর বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,নোয়াখালী আয়কর আইনজীবী সমিতির সদস্য এবং ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।







