নজরুলের লেখনী ডিজিটাল রূপান্তরের আহ্বান টেলিযোগাযোগ মন্ত্রীর

২৯ আগষ্ট, ২০২১ ১৭:২৯  
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমগ্র লেখনী ডিজিটাল রূপান্তরের মাধ্যমে সারা দুনিয়ায় ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। শনিবার রাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্র আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান। মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে যেভাবে অনুশীলন করা দরকার,যে রূপ গবেষণা করা দরকার তা আমরা করছি না। নজরুলের রেখে যাওয়া সম্পদ সারা দুনিয়ার সম্পদে পরিণত করা আমাদের দায়িত্ব। নজরুলের সমগ্র লেখনী ডিজিটাল রূপান্তরের মাধ্যমে সারা দুনিয়ায় ছড়িয়ে দিতে আমাদের উদ্যোগ নিতে হবে। বাঙালি জাতি এ দায় এড়াতে পারবে না বলে মন্ত্রী উল্লেখ করেন। কবি নূরুল হুদা নজরুলের লিখনী সমগ্র ডিজিটাল রূপান্তরের মাধ্যমে সারা দুনিয়ায় ছড়িয়ে দিতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকে অত্যন্ত সময়োপযোগী বলে উল্লেখ করে বলেন, রবীন্দ্র নাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলাম মাটি থেকে স্বশিক্ষিত ও সুশিক্ষিত মানুষ। বঙ্গবন্ধু এই দু‘জনকে ফলো করেছেন। আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্রের চেয়ারম্যান, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে ত্রিপুরা থেকে বিশিষ্ট নজরুল গবেষক ড. মোজাহিদ রহমান, কলকাতা থেকে নজরুল শিল্পি মাধবী মজুমদার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এএইচ এম মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট সংগীতজ্ঞ মাসুদ আহমেদ এবং সংগঠনের মহাসচিব রাশেদুল হাসান শেলী বক্তৃতা করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট নজরুল গবেষক এএফএম হায়াতুল্লাহ।