তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা ১৭ জুন

১৪ জুন, ২০২৩ ১৩:১৬  

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শনিবার। এদিন সকাল ১০টা থেকে এই তিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।

এবার ভর্তি পরীক্ষায় ৩ হাজার ২৩১টি আসনের বিপরীতে ২৪ হাজার ৯৮০ জন পরীক্ষার্থী অংশ নেবে। সেই হিসেবে আসন প্রতি ভর্তিচ্ছুর সংখ্যা ৭ জন।

চুয়েট, কুয়েট ও রুয়েটে আসনসংখ্যা যথাক্রমে ১ হাজার ২৩৫, ১ হাজার ৬৫ ও ৯৩১টি। প্রতি কেন্দ্রে ৮ হাজার ৩২৬ জন করে পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।

 সূচি অনুযায়ী, ‘ক’ গ্রুপে ৫০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং ‘খ’ গ্রুপে ৫০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা এবং ২০০ নম্বরের মুক্ত হস্ত অঙ্কনসহ মোট ৭০০ নম্বরের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষা নিয়ে মঙ্গলবার বিকেলে নগরীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রস্থ চুয়েট রিসোর্স সেন্টারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন সেবা সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।