তথ্যপ্রযুক্তি খাতের ব্যয় সাড়ে ৪ ট্রিলিয়ন ডলার ছাড়াবে : গার্টনার
চলতি বছরে তথ্যপ্রযুক্তি খাতের বৈশ্বিক ব্যয় ৪ লাখ ৪০ হাজার কোটি ডলার ছাড়াবে। বিশ্বব্যাপী মূল্যস্ফীতি, ভূরাজনৈতিক অস্থিরতা ও দক্ষ জনবলের অভাবসহ বিভিন্ন সমস্যা থাকলেও এ ব্যয় বাড়বে। গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের সাম্প্রতিক এক পূর্বাভাসে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
গার্টনারের গবেষণা বিভাগের ভাইস প্রেসিডেন্ট জন ডেভিড লাভলক জানান, চলতি বছর কোম্পানিগুলোর প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তাদের জন্য অন্যতম ব্যস্ত বছর হবে। ২০২০ সালের শুরু থেকে বিভিন্ন প্রতিষ্ঠান তথ্যপ্রযুক্তি খাতে তাদের বিনিয়োগ বাড়াচ্ছে। করোনাভাইরাস মহামারিসহ বৈশ্বিক নানা পরিস্থিতিতে সমস্যা সমাধানে প্রযুক্তিগত সমাধানের বিষয়টি তারা বুঝতে পেরেছেন। এরই ধারাবাহিকতায় বিশ্লেষণ, ক্লাউড কম্পিউটিং, গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা প্রদান এবং নিরাপত্তা নিশ্চিতে চলতি বছর তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ ও ক্রয় অব্যাহত থাকবে।
গার্টনারের প্রতিবেদনে বলা হয়, গত দুই বছর ধরে তথ্যপ্রযুক্তি খাতের হার্ডওয়্যার বাজারে মূল্যস্ফীতির যে প্রভাব ছিলো তা ধীরে ধীরে কমতে শুরু করেছে। বর্তমানে এ প্রভাব সফটওয়্যার ও সেবা খাতে ছড়িয়ে পড়ছে। এ খাতে দক্ষ কর্মীর সংকট থাকায় বিভিন্ন প্রতিষ্ঠান বেশি বেতনে কর্মীদের নিয়োগ দিচ্ছে। ফলে প্রযুক্তি সেবা প্রতিষ্ঠানগুলো তাদের মূল্য বাড়াচ্ছে। এ পরিপ্রেক্ষিতে ২০২২-২৩ সালের মধ্যে এ খাতের ব্যয় বাড়াতে সাহায্য করছে।
চলতি বছর শেষে সফটওয়্যার খাতের ব্যয় ৯ দশমিক ৮ শতাংশ বেড়ে ৬৭ হাজার ৪৯০ কোটি ডলারে পৌঁছাবে বলে আশা সংশ্লিষ্টদের। পাশাপাশি তথ্যপ্রযুক্তি সেবার ব্যয় ৬ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ লাখ ৩০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে। গার্টনার প্রত্যাশা করছে, ডিজিটাল ব্যবসায়িক উদ্যোগ নেয়ার মাধ্যমে ২০২৩ সাল নাগাদ এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ও অবকাঠামো সফটওয়্যার খাতের বিনিয়োগ দুই সংখ্যা ছাড়াবে।
ডিবিটেক/বিএমটি