আঞ্চলিক সহযোগিতায় এগিয়ে যেতে চায় বাংলাদেশ: প্রতিমন্ত্রী পলক

১৮ আগষ্ট, ২০২৩ ২০:৩১  

বাংলাদেশের ডিজিটাল ইকোনমিতে ডিপিআই  এর গুরুত্ব তুলে ধরে রেলওয়ে, শিক্ষা, স্বাস্থ্য ,বিচার বিভাগ, কৃষি ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে ভারতসহ বিভিন্ন দেশ ও সংস্থাকে পারস্পরিক সহোযোগিতায় এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শুক্রবার ভারতের ব্যাঙ্গালুরে হোটেল তাজ ওয়েস্ট ইন্ড-এ, বিশ্বের  উন্নত এবং উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর ফোরাম জি-২০ সম্মেলনে "Digital public infrastructure (DPIs) for a vibrant Digital Economy" বিষয়ক গোলটেবিল বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আলোচনা কালে এই আহ্বান জানান তিনি।

বৈঠকে বাংলাদেশের আইসিটি প্রতিমন্ত্রী একটি প্রাণবন্ত ডিজিটাল অর্থনীতির জন্য ডিজিটাল পাবলিক অবকাঠামোর গুরুত্বও তুলে ধরেন। গোলটেবিল বৈঠকে  ভারতের কেন্দ্রীয় রেল যোগাযোগ, ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব,  জি-২০ ভুক্ত ভিভিন্ন দেশের এবং জাতিসংঘ, ইউএনডিপিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে বিভিন্ন দেশের আলোচকগন ডিজিটাল ইকোনমি তে ডিপিআই এর গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরেন ।

এছাড়া ওপেন প্লাটফর্মের মাধ্যমে কৃষি , শিক্ষা, স্বাস্থ্য , জুডিশিয়ারির , ফিনটেক  প্রযুক্তিসহ ভিভিন্ন প্রযুক্তি শেয়ার, পলিসি, সাইবার সিকিউরিটির নিয়ে পারস্পরিক সহযোগিতা এবং বহুপাক্ষিক ও গ্লোবাল প্রবলেম সলভিং প্লাটফর্ম তৈরির বিষয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, জি-২০,  বিশ্বের প্রধান প্রধান উন্নত এবং উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর ফোরাম। ১৯টি দেশ এবং ইইউ নিয়ে গঠিত ফোরামটি বৈশ্বিক অর্থনীতির পাশাপাশি, জলবায়ু পরিবর্তনের ক্ষতি প্রশমন এবং স্থিতিশীল উন্নয়নের মতো বিভিন্ন বৈশ্বিক বিষয়ে আলোচনার প্ল্যাটফর্ম।